সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাশে, কূটনীতিক, সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রিয়াদস্থ বাংলাদেশী চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল – শাহরানি উপস্থিত ছিলেন।
ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে শ্রদ্ধা জানিয়ে বলেন- ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমনে দখলদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে যা আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুগঠিত, আত্মবিশ্বাসী ও অত্যন্ত পেশাদার যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন- সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন সংকট বহুল দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তি মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। এ সময় বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনকালে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। তিনি আরও বলেন-বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি) এর গর্বিত সদস্য, যা বাংলাদেশের সাথে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করেছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত , ডিফেন্স আ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন। এরপর রাষ্ট্রদূত ও দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম, ইতিহাস, ঐতিহ্য, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ, সমাজসেবা ও অন্যান্য কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
