ফরিদগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী হলেন, ১২ নম্বর চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই (৫৫)। তিনি চরদুঃখিয়া গ্রামের মৃত বদিউল্যা ফয়েজের ছেলে।
অপর দুজন হলেন, ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া (৩৭)। তিনি নলডুগী গ্রামের মৃত হারিছ ভূঁইয়ার ছেলে। এছাড়া ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহবুব শেখ (৩২)। তিনি শাহাপুর গ্রামের রহমত উল্যাহ শেখের ছেলে।
এদিকে, একই দিনে পুলিশের পৃথক অভিযানে তিনটি জিআর ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, সিআর পরোয়ানাভুক্ত বদরপুর গ্রামের মো. মমিন উল্যাহর ছেলে আবদুর রহিম প্রকাশ পরান।
জিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, সন্তোষপুর গ্রামের কালু মিয়ার ছেলে মো. মানিক মিয়া, পশ্চিম চাঁদপুর গ্রামের মৃত জিলামতর খানের ছেলে রুবেল খান এবং ঘনিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাজু মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তারে উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান ও মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অন্যদিকে, পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তারে এসআই আতাউর রাব্বী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাখাওয়াত হোসেন, এএসআই আকাশ ঘোষ ও এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালায়।
পরে গ্রেপ্তারকৃত সাতজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
