চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ইয়াবাসহ দুই যুবক এবং জিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের বিভিন্ন দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নূরের রহমান পাটওয়ারী সুমন (৪৮) উপজেলার বদরপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত গোলাম রহমান পাটওয়ারীর ছেলে।
অন্যদিকে, উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের ডাক্তার বাড়ির সামনে খাজুরিয়া-গুপ্টি বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—মাজহারুল ইসলামের ছেলে মো. মেহরাজ (২৩) এবং মো. ইউসুফ আলীর ছেলে মো. ইমন হোসেন (১৯)। এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আতাউর রাব্বী।
এ ছাড়া পুলিশের আরেকটি অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ জানিবুল হক (৩৪) গ্রেপ্তার হন। তিনি উপজেলার বড়ালী (পূর্ব) গ্রামের মোঃ নাছিরুল হকের ছেলে। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ হুমায়ুন কবির।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
