ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বোগদাদ পরিবহনে অভিযান: সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ, ৭ হাজার টাকা জরিমানা

Chandpur Tribune
নভেম্বর ৩, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শব্দদূষণ নিয়ন্ত্রণে চাঁদপুরে অভিযান চালিয়ে চারটি বোগদাদ পরিবহন থেকে সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবহনগুলোকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ও দিপংকর বাড়ৈ। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(১) বিধি লঙ্ঘনের দায়ে চারটি বোগদাদ পরিবহন থেকে সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনগুলোকে যথাক্রমে ২ হাজার, ২ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা, মোট ৭ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। এ ছাড়া বিভিন্ন যানবাহনে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।