সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ কমিউনিটি ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারীদের ভোটে যোগ্য, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নবগঠিত পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সর্বোচ্চ ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডক্টর এ এফ এম মতিউর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডক্টর মহসিন কাজী।
এ ছাড়া নির্বাচিত অন্য সদস্যরা হলেন, ডক্টর আবুল বাশার (১৪৩ ভোট), মিজানুর রহমান চৌধুরী (১৩৬ ভোট), মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ (১৩১ ভোট), মোহাম্মদ রাশিদ আহমেদ (১১৫ ভোট) এবং ইঞ্জিনিয়ার আশরাফ সিদ্দিকী (১১০ ভোট)।
নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠন এবং প্রবাসী বাংলাদেশি পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে এ নির্বাচন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন কমিউনিটির সচেতন মহল।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যকে চাঁদপুর ট্রিবিউন ও C24.tv পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের আগামী দিনের পথচলা সফল ও সুন্দর হোক এই প্রত্যাশা।
