ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের মানবেতর জীবন: দ্রুত প্রতিকার দাবি

Chandpur Tribune
অক্টোবর ২৮, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার জোহর বাহরুর একটি কোম্পানিতে কাজ হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন ৩৬ জন বাংলাদেশিসহ প্রায় ১৩০ জন বিদেশি শ্রমিক। কাজ কমে যাওয়ার অজুহাতে জোরপূর্বক তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং অন্য সংস্থায় স্থানান্তরের দাবিতে কর্মস্থলে ধর্মঘট শুরু করেছেন ভুক্তভোগী শ্রমিকেরা।

চোখে ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, আর বুকে ছিল বুকভরা আশা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মালয়েশিয়ার জোহর বাহরুর টয়োপ্লাস কোম্পানির ৩৬ জন বাংলাদেশিসহ ১৩০ জন শ্রমিকের সেই স্বপ্ন এখন ভাঙার মুখে। হঠাৎ করেই নেমে এসেছে চাকরি হারানোর কালো মেঘ। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ কমে যাওয়ায় তাদের আর রাখা সম্ভব নয় পাঠিয়ে দেওয়া হবে নিজ দেশে।

মাথায় আকাশ ভেঙে পড়া এই প্রবাসীরা এখন দেশে ফিরতে চান না। কারণ, দেশে ফেরা মানেই ঋণের বোঝা আর পরিবারের অনাহার। শেষ সম্বল বিক্রি করে আসা এই মানুষগুলোর একটাই দাবি তাদের যেন দেশে ফেরত না পাঠিয়ে অন্য কোনো কোম্পানিতে কাজের সুযোগ করে দেওয়া হয়। ন্যায়বিচারের দাবিতে তাই বাধ্য হয়েই তারা নেমেছেন ধর্মঘটে।

অসহায় এই রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় কোম্পানি কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনাও করেছে তারা। অনুরোধ জানানো হয়েছে অন্য কোম্পানিতে স্থানান্তরের। কিন্তু সংকটের সমাধান এখনো মেলেনি; হাইকমিশনের অনুরোধের পরও নিজেদের অনমনীয় সিদ্ধান্তে অটল রয়েছে টয়োপ্লাস কর্তৃপক্ষ।

হঠাৎ করে কর্মসংস্থান হারানোর এই আশঙ্কা প্রবাসের মাটিতে তৈরি করেছে এক মানবিক বিপর্যয়। পরিবার চালানো এই মানুষগুলোর চোখে এখন শুধুই অন্ধকারের হাতছানি। এখন দেখার বিষয়, বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট পক্ষের কূটনৈতিক প্রচেষ্টা কি পারবে এই ১৩০টি পরিবারের মুখে হাসি ধরে রাখতে, নাকি প্রবাসের মাটিতেই অপমৃত্যু ঘটবে আরও কিছু লালিত স্বপ্নের?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।