বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থী নিয়মিত হাত ধোয়া ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অঙ্গীকারে অংশ নেয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, তোমরা যখনই তোমাদের আশপাশে ময়লা-আবর্জনা, টিস্যু কিংবা প্লাস্টিক বর্জ্য দেখবে, তখনই তা পরিষ্কার করবে। এ বিষয়ে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। আর সব সময় তোমাদের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।
তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর। এ সময় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে। এর মাধ্যমে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
