ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি আবদুল হান্নানের

Chandpur Tribune
অক্টোবর ১৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবদুল হান্নান।

আজ ফরিদগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়।
এ সময় দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফরিদগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে যেন শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটি এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংসদ সদস্য মো. আবদুল হান্নান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংসদ সদস্য আরও বলেন, একটি নিরাপদ, সম্প্রীতিময়, মানবিক ও উন্নত ফরিদগঞ্জ গড়ে তুলতে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও সুন্দর ফরিদগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।