চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস, হাইমচরের উদ্যোগে উপজেলা পরিষদ, হাইমচরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।
সভায় মা ইলিশ সংরক্ষণে করণীয় নির্ধারণ, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার বন্ধ এবং সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে হাইমচরের জেলে, মাছ ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন ও মৎস্য বিভাগকে সহযোগিতা করার জন্য হাইমচরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে মা ইলিশ সংরক্ষণ ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সভার সমাপ্তি ঘটে।
