অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার বিদেশ গমনের আবেদনটি খারিজ করেন। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কয়েকশ’ কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকায় তার পাসপোর্ট পূর্বেই জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
শুনানিকালে মোয়াজ্জেমের পক্ষে তার আইনজীবী মো. রায়হান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং তিনি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গকারী কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।
আইনজীবী আরও জানান, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন এবং তার স্পাইনাল কর্ডে আঘাত লাগে, যেখান থেকে ফ্লুইড নিঃসরণ হয়। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে। এ অবস্থায় চিকিৎসার স্বার্থে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
