প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তৃণমূলের প্রতিবাদ ও মিছিল কেন্দ্রের হস্তক্ষেপ চায় নেতাকর্মীরা

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সদ্য ঘোষিত ৬৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সভায় নেতাকর্মীরা কমিটিকে ‘বিতর্কিত, আওয়ামীলীগের লোক, আত্মীয়কেন্দ্রিক ও ত্যাগী নেতাকর্মীবিমুখী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে শাহরাস্তি পৌর বিএনপির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নির্দেশনা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে ভোটের মাধ্যমে ইউনিটভিত্তিক মতামত গ্রহণের যে সিদ্ধান্ত কুমিল্লা বিভাগীয় টিমের সভায় গৃহীত হয়েছিল, তা মানা হয়নি।

তৃণমূল নেতাকর্মীরা দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে শাহরাস্তি পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৩–১৪ সালের আন্দোলনে রেলওয়ে, নির্বাচন অফিস ও ভূমি অফিসে নাশকতার মামলাসহ প্রায় ১২টি রাজনৈতিক মামলায় দুই শতাধিক নেতাকর্মী আসামি হন। একইভাবে ২০১৮ সালের নির্বাচনের সময় গায়েবি মামলায় ১৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন এবং ২০২৫ সালের ৫ আগস্ট পর্যন্ত আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হন বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সম্মেলনের মাধ্যমে গঠিত এবং একই বছরের অক্টোবরে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত পৌর বিএনপির কমিটি আজ পর্যন্ত কেন্দ্র ও জেলা ঘোষিত সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। অথচ সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে একটি ‘মনগড়া কমিটি’ চাপিয়ে দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে চাঁদপুর-৫ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। বলা হয়, তিনি একক সিদ্ধান্তে আত্মীয়স্বজন, ব্যক্তিগত কর্মচারী, দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তি ও আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করে আহ্বায়ক কমিটি গঠনে ভূমিকা রাখেন। কমিটির একাধিক সদস্য অতীতে প্রকাশ্যে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন, আবার একই পরিবারের একাধিক সদস্যকে পদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এছাড়া কয়েকজন সদস্য দীর্ঘদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং বিএনপির কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি বলেও অভিযোগ তোলা হয়। এসব কারণে নতুন কমিটি ঘোষণার পর পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ইঞ্জিনিয়ার মমিনুল হক তার সাম্প্রতিক নির্বাচনী সভায় আওয়ামী লীগকে একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন এবং বঙ্গবন্ধুকে নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে অনুসরণের কথা বলেছেন, যা বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বক্তব্যের মাধ্যমে তিনি শাহরাস্তি-হাজীগঞ্জের বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিকভাবে অপমান করেছেন বলে দাবি করা হয়।

প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় বিএনপির প্রতি অবিলম্বে শাহরাস্তি পৌর বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল এবং ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ক্লিন ইমেজের, ত্যাগী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান এবং ২৪ ঘন্টার মধ্যে ঘোষিত কমিটি বিলুপ্ত করার আলটিমেটাম দেয় নেতাকর্মীরা।

সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন