প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাদির ওপর গুলি: সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩)-র ওপর হামলাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তদন্ত করে দুষ্কৃতকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন