প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রবাসী বাংলাদেশি ভোটারদের ডাকসেবা সহযোগিতা করবে Maldives Post-।

আবদুল্লাহ কাদের
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

হুলেমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও Maldives Post-এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে ডাকসেবা সহযোগিতা জোরদার ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্বাচনী ডাকসেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম এবং Maldives Post-এর পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শফীক।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দ্বিপক্ষীয় আলোচনার শুরুতে হাইকমিশনার মালদ্বীপ পোস্টের সার্বিক কার্যক্রম, সেবা কাঠামো, দ্বীপভিত্তিক শাখা কার্যক্রম এবং ব্রাঞ্চবিহীন দ্বীপে এজেন্ট–ভিত্তিক ডাকসেবা সম্পর্কে জানতে চান। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট প্রক্রিয়া ও তা প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

জবাবে, Maldives Post-এর ব্যবস্থাপনা পরিচালক তাদের লজিস্টিক নেটওয়ার্ক, ই-কমার্স ও এজেন্সি ভিত্তিক সেবা এবং মালে শহরে তাদের ৬টি আউটলেটসহ সারাদেশে বিস্তৃত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন যে Maldives Post-এ ২৮০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছে, এবং এজেন্টসহ এই সংখ্যা প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য Maldives Post নিশ্চিত করেছে যে ব্যালট পেপার পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশি ভোটারদের এসএমএস ও ফোন কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে এবং ব্যালট বিতরণ সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে। এছাড়া ভোটাররা রাত ৯টা পর্যন্ত রিটার্ন ব্যালট জমা দিতে পারবেন। বৈঠকে হাইকমিশনার বাংলাদেশ পোস্ট অফিস ও Maldives Post-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব করেন, যা দুই দেশের ডাক প্রশাসনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ডাকসেবা উন্নয়ন এবং ডিজিটাল ডাকব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হবে। Maldives Post এই প্রস্তাবকে স্বাগত জানায় এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করে।

আলোচনায় দুই পক্ষ ভবিষ্যতে ডিজিটাল পোস্ট সিস্টেম, প্রযুক্তিগত বিনিময় এবং আধুনিক ডাকসেবা উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। বৈঠকের সমাপনীতে উভয় পক্ষ একমত হয় যে বাংলাদেশ পোস্ট ও Maldives Post বিভিন্ন সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবে। প্রবাসী বাংলাদেশি ও মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিশ্চিত করতে Maldives Post বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত আপডেট ও সমন্বয় প্রদান করবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হাইকমিশনারের শ্রম কাউন্সেলর মোঃ সোহেল পারভেজ এবং পার্সোনাল অফিসার মোঃ হাবিবুর রহমান। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং দুই পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন