প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালদ্বীপের মন্ত্রী বাংলাদেশি প্রবাসীদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আবদুল্লাহ কাদের
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্পকলার মাননীয় মন্ত্রী ইব্রাহিম ওয়াহিদের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, যুব উন্নয়ন, সৃজনশীল খাত এবং তথ্য বিনিময়সহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) আলোচনাকালে মালদ্বীপের মন্ত্রী বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং জানান যে দেশের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশই যুবসমাজ। প্রতি বছর মাত্র ৩,০০০ থেকে ৪,০০০ শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেলেও অনেকে এখনও সুযোগের বাইরে রয়ে যায়। এজন্য মন্ত্রণালয় যুবদের জন্য উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশি প্রবাসীদের অবদানের স্বীকৃতি শরুপ মালদ্বীপের মন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের বিশাল অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মালদ্বীপের উন্নয়নের বহু খাতে বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব দেশের অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে।

হাইকমিশনারের বক্তব্য: যুব কূটনীতি, সৃজনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ।

দ্বীপ রাস্ট্র মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম যুবকেন্দ্রিক সহযোগিতাকে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশ–মালদ্বীপ যৌথ উদ্যোগে নিম্নোক্ত কর্মসূচিগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন—

– যুব ও তরুণ শিল্পীদের নিয়ে শিল্পকলা প্রদর্শনী
– যৌথ চলচ্চিত্র উৎসব ও সৃজনশীল প্ল্যাটফর্ম
– মিডিয়া, তথ্য ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নে বিনিময় কর্মসূচি
– যুব উন্নয়ন ও তথ্য আদান-প্রদানসংক্রান্ত MoU প্রণয়ন

বাংলাদেশ হাইকমিশনার সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের অগ্রগামী ভূমিকার কথাও তুলে ধরেন এবং বলেন যে শান্তি, গণতন্ত্র ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবদের ভূমিকা বৈশ্বিক অনুপ্রেরণা হতে পারে। উল্লেখ্য ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) দুই পক্ষ যুব উন্নয়ন, সংস্কৃতি, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা আলোচনা করেন। মাননীয় মন্ত্রী এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তী পর্যায়ের আলোচনার ভিত্তিতে MoU প্রণয়নে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক বন্ধুত্ব জোরদারে বৈঠকটি অত্যন্ত ইতিবাচক মনোভাবের মাধ্যমে শেষ হয়। উভয় পক্ষ বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আশাব্যঞ্জক, ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সম্মত হন। দুই দেশই পুনর্ব্যক্ত করে যে যুব উন্নয়ন, সৃজনশীল খাত, সাংস্কৃতিক আদান-প্রদান এবং তথ্য সহযোগিতা ভবিষ্যতের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন