কচুয়া সড়কে আল আরাফাহ স্পেশাল পরিবহনের ধাক্কায় প্রাণ গেল ঢাকার কাঁচামাল ব্যবসায়ী আজহারুল ইসলাম আকাশ (২৬) নামের এক পথচারী যুবকের।
শনিবার ভোররাতে হাজীগঞ্জ-গোরিপুর সড়কের কচুয়া উপজেলার কালচোঁ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকাশ ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন এবং তিনি ৯নং কড়াইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের হাজী বাড়ির আব্দুল আওয়ালের একমাত্র ছেলে।
শনিবার দুপুরে কালচোঁ বাজারে আল আরাফাহ পরিবহনের কর্তৃপক্ষের সাথে নিহতের পরিবারের সাথে বৈঠক বসে। বৈঠকে তারা নিহতের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তবে নিহতের পরিবারের দাবি একটি জীবনের মূল্য কি মাত্র দুই লাখ টাকা হতে পারে?
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির আল আরাফাহ বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।