প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় হাফেজ ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বাবা: ঘাতক ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

কচুয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০)।

 

শনিবার বিকেল বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে মোঃ হোসাইন (৩৫) পালাতে চাইলে স্থানীয়রা পাশের গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চারাগাছ রোপনে বাঁধা দেয়ায় বাবা ও ছেলের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন ছেলে হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক দায়ের কোপ দিতে থাকেন। ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

 

 

নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি। ও মানসিকভাবে অসুস্থ ছিল—কিন্তু এমন নৃশংসতায় আমরা সবাই ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন