প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

‘ত্বক-চুলের রঙ ভিন্ন’ সেই শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

সন্তানের ত্বক-চুলের রঙ ভিন্ন হওয়ায় স্ত্রীকে তালাক দেন স্বামী। জেনেটিক্যালি ত্রুটি সম্পন্ন অ্যালবেনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম ওই শিশু ও তার মা মনিরা খাতুনের তাদের বর্তমান আশ্রয়স্থল যশোর সদরের বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার বাড়িতে যান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১০ নভেম্বর দেশের বিভিন্ন মিডিয়ায় ওই শিশু ও তার মায়ের করুণ কাহিনি প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

মনিরা খাতুরের একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একই ‍সঙ্গে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ উপহার পৌঁছে দেন।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন। মনিরার থাকার মতো কোনো আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায়-দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান অমিত।

এদিকে, মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

প্রসঙ্গত, বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের। 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন