প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর -৫, বিএনপি মনোনীত মমিনুল হককে বিশাল গণসংবর্ধনা 

নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়ায় শাহরাস্তি ও হাজীগঞ্জে উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়।

বিকেল তিনটার দিকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন এবং দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সের সামনে পথসভায় অংশ নেন। সেখানে হাজারো নেতাকর্মী “ধানের শীষের বিজয় নিশ্চিত” শ্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের প্রার্থী ইঞ্জি. লায়ন মমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশে অতীতের শাসন ব্যবস্থা পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই লক্ষ্যেই আমরা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন,প্রশাসনের কর্মকর্তাদের মনে রাখতে হবে, জনগণের টাকায়ই আপনাদের বেতন। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতেই হবে। বিগত শাসন ব্যবস্থার চাকরির মানসিকতা বাদ দিতে হবে।

দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,অনিয়ম থেকে দূরে থাকুন, জনগণের আস্থা অর্জন করুন— তাহলেই ধানের শীষের বিজয় নিশ্চিত।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আবু ইউসুফ রোপন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌর বিএনপির সাবেক আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী প্রমুখ।

বক্তৃতা শেষে উপস্থিত জনতার উদ্দেশে মমিনুল হক বলেন,এই গণসংবর্ধনা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি জনগণের পাশে থেকে সত্যিকার পরিবর্তনের রাজনীতি করতে চাই।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন