মালদ্বীপে কর্মস্হলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি মো: সেলিমের (৪৭) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার ( ১১ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি মো. সেলিমকে দেশে ফেরার জন্য একটি বিমান টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে বর্ণিত প্রবাসী বাংলাদেশি দেখতে যান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত এয়ার টিকেট প্রদান করা হয়।
দুর্ঘটনায় আহত প্রবাসী মো. সেলিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা, তিনি মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় আহত হন।বাংলাদেশ হাইকমিশনার সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্খা ব্যক্ত করেন। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ করেন।
উল্লেখ্য, কিছু দিন পূর্বে মালেতে একটি নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মো. সেলিম গুরুতর আহত হন, পরে তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার দেওয়া হয়।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ প্রদান করা হয়, এবং তার পাসপোর্ট না থাকায় মিশনের পক্ষ হতে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়। মো. সেলিম ১১ নভেম্বর মালদ্বীপ থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিবেন।
হাসপাতালে হাইকমিশনের সাথে আরও উপস্থিত ছিলেন কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।