প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা, যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

চাঁদপুরে জুয়া খেলায় হেরে এক ড্রেজার ব্যবসায়ীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কোহিনুর বেগম।

দণ্ড পাওয়া মো. খোরশেদ আলম (২৭) পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালী পাড়া জোর ভূঁইয়া বাড়ির প্রয়াত মোস্তফা ভূঁইয়ার ছেলে।

 

নিহত রেহান উদ্দিন মিজি (৫৫) শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়কের তামান্না শারমীন ভিলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মিজি পেশায় ড্রেজার ব্যবসায়ী ছিলেন।

মামলার বরাতে পিপি কোহিনুর বেগম বলেন, জুয়া খেলতে গিয়ে খোরশেদের সঙ্গে মিজির পরিচয় হয়। তারা কয়েকজন মিলে জুয়া খেলতেন। এর মধ্যে খোরশেদ বেশ কয়েকবার মিজির কাছে জুয়ায় হেরে যান। এতে মিজির প্রতি ক্ষুব্ধ হন খোরশেদ।

তিনি বলেন, “২০২১ সালের ২৩ জুন দুপুর ২টার দিকে মিজির বাসায় জুয়া খেলতে গিয়ে তাকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন খোরশেদ। ওই দিন পারিবারিক কাজে মিজির স্ত্রী পারভীন বেগম সখিপুর নিজ এলাকায় ছিলেন।

 

“দুপুরে মিজিকে ফোনে না পেয়ে পাশের বাসার ভাড়াটিয়া মরিয়ম বেগমকে খোঁজ নিতে বলেন পারভীন। পরে বাসার দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে বিছানায় ওপর রক্তাক্ত অবস্থায় মিজিকে পড়ে থাকতে দেখেন ওই প্রতিবেশী।”

ঘটনার দুই দিন পর ২৫ জুন মিজির স্ত্রী পারভীন চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন বলে জানান পিপি কোহিনুর।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খোরশেদ আলমকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে বলে জানান তিনি।

 

তদন্ত শেষ ওই বছরের ১০ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি কোহিনুর বেগম।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. শাহজাহান মিয়া।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন