প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ট্রাফিক পুলিশের আচরণে ক্ষুব্ধ সিএনজি চালকের গাড়ি ভাঙচুর

জসিম রহমান
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় কাগজপত্র যাচাইকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে এক সিএনজি চালকের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে যে পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে সিএনজি চালক নিজেই নিজের গাড়ি ভাঙচুর করেছেন। পরে অন্যান্য সিএনজি চালকরা ঘটনাস্থলে জড়ো হয়ে ট্রাফিক বক্সের কাছে প্রতিবাদ জানান।

সোমবার দুপুরে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় ট্রাফিক পুলিশ একটি সিএনজি অটোরিকশা (রেজি. নং: চাঁদপুর থ ১১-৫৪০৫) আটক করে। সিএনজি চালক সাকিব মজুমদার জানান যে তাঁর গাড়ির সকল কাগজপত্র সঠিক থাকতে সত্ত্বেও কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁর কাগজপত্র নিজের কাছে রেখে দেন।

চালকের দাবি, বারবার কাগজপত্র ফেরত চাইলে পুলিশ সদস্য এড়িয়ে যান। এই সময় ট্রাফিকের এক কনস্টেবল তাঁর কাছে টাকা দাবি করেন। চালক প্রথমে দুইশ টাকা দিতে চাইলে পুলিশ সদস্য নেননি এবং ন্যূনতম পাঁচশ টাকা দিতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

সাকিব মজুমদারের বক্তব্য অনুযায়ী, তাঁর কাছে আড়াইশ টাকা ছিল এবং গাড়িটি কিস্তির হওয়ায় কিছুটা সহানুভূতির প্রত্যাশা করেন। এতে ট্রাফিক পুলিশের এটিএসআই জয়দুল ক্ষুব্ধ হয়ে তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন।

ঘটনার পর রাগ আর ক্ষোভে চালক সাকিব মজুমদার নিজের কিস্তিতে কেনা সিএনজিটি নিজেই ভাঙচুর করেন। এরপর উপস্থিত অন্য সিএনজি চালকরা ঘটনাটি জানার পর ট্রাফিক পুলিশের আচরণের বিশ্বরোডে ট্রাফিক বক্সের কাছে জড়ো হয়ে প্রতিবাদ করেন।

এ ঘটনায় ট্রাফিক পুলিশের বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করা হলে  কর্মকর্তা এটিএসআই জয়দুল জানান, সিএনজি অটোরিকশাটির কাগজের ডেট এক্সপায়ার ছিল এবং চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তিনি আরও বলেন, চালক নিজেই ক্ষোভে নিজের গাড়ি ভাঙচুর করেন এবং টাকা চাওয়ার অভিযোগটি ভিত্তিহীন।

এ বিষয়ে সার্জেন্ট ইব্রাহিম খলিল বলেন, ঘটনার পর বিষয়টি জেনে মানবিক কারণে তিনি নিজ উদ্যোগে গরিব চালককে সহায়তা হিসেবে সিএনজির ভাঙা গ্লাসের মূল্য পরিশোধ করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন