প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার কর্মী-সমর্থকরা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের মায়াবী কমপ্লেক্স মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, যুবদলের সদস্য সচিব মহসিন আহমেদ ভূঁইয়া এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি।

বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ঘোষিত আলহাজ্ব মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন