প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রাধীন চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও এলাকায় ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতেই বাউবি কাজ করছে।” তিনি আরও বলেন, চাঁদপুরে উপ-আঞ্চলিক কেন্দ্রের এই নতুন ভবন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “বিগত ১৬ বছর ধরে সরকারের উচ্চপর্যায়ের নেতারা পরিকল্পিতভাবে আমাদের শিক্ষাক্রমকে ধ্বংস করে দিয়েছে। এর মাধ্যমে তারা চেয়েছিল দেশের জনগণ যেন প্রকৃত সুশিক্ষা থেকে বঞ্চিত থাকে, যাতে পাশের দেশের স্বার্থ রক্ষা সহজ হয়।”

 

তিনি আরও বলেন, “তাদের নকশা ছিল বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এমন এক প্রজন্ম তৈরি করা, যারা অযোগ্য অথচ সার্টিফিকেটধারী হবে। এরই ফল, জিপিএ-৫ প্রাপ্ত অনেক শিক্ষার্থী আজ প্রকৃত মেধা ও যোগ্যতা থেকে বঞ্চিত। সেই সময়ের শিক্ষামন্ত্রী ও স্বৈরশাসক সরকার চেয়েছিল পাশের দেশের মানুষ যেন আমাদের দেশে এসে বড় অফিসার হয়, আর তাদের দেশ উন্নত হয়।”

 

 

উপাচার্য বলেন, “জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে পেরেছি। এটি আমাদের নতুন আলোর সূচনা, এক নতুন স্বাধীনতার প্রতীক।”

তিনি আন্দোলনে শহীদ হওয়া সকল শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং বলেন, “তাদের ত্যাগ বৃথা যায়নি। তাদের রক্তে আমরা শিক্ষার মুক্তি, জ্ঞানের স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা ফিরে পেয়েছি।”

বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, “উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দিতে অনন্য ভূমিকা রাখছে। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে, যা ডিজিটাল বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ উল আলম।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন