প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে দল থেকে বহিষ্কার দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বহিষ্কারাদেশের খবরটি ভুয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির দপ্তর সেলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এম এ হান্নানের একটি ভুয়া বহিষ্কারাদেশ ভাইরাল হয়।

এর আগে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা সোমবার (৩ নভেম্বর) রাত থেকেই সড়ক অবরোধ ও বিক্ষোভে নেমে পড়ে। তারা ফরিদগঞ্জে গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শতাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চালিয়ে যায়। এ সময় তারা রাস্তায় শুয়ে পড়ে, টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে।

বিক্ষোভকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’, ‘হান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দুর্দিনের হান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে কালিরবাজার চৌরাস্তা পর্যন্ত একাধিকবার বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। খণ্ড খণ্ড সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন ও ডা. আবুল কালাম আজাদ। তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন, যারা দুর্দিনে দলের পাশে ছিলেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতারা হান্নান ভাইয়ের প্রতি অবিচার করেছেন।

বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এ প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রাজপথে থেকেই আমরা কেন্দ্রকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করব।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খসরু মোল্লা, ফারুক আহম্মেদ খান, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমাম হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বিল্লাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন