প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ ২০০ যাত্রী নিয়ে আটকে গেল ডুবোচরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫

দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ লঞ্চ গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকে পড়ার ঘটনা ঘটেছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

শনিবার (১ নভেম্বর) রাত ১১টায় লঞ্চ ডুবোচরে আটকে থাকার তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।

 

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে চাঁদপুর লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭ লঞ্চটি। পরে রাত ৮টায় ঝড়ের কবলে ও ঘনকুয়াশায় গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকা পড়ে লঞ্চটি। এতে লঞ্চে থাকা যাত্রীরা ডাকাত আতঙ্ক ও নানা ভয়ে থাকার খবর পেয়ে ২টি লঞ্চের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

 

 

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, রাত ৯টার পর চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান-৫ লঞ্চ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

 

তিনি আরও বলেন, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনো ডুবোচরে আটকে রয়েছে। জোয়ার এলে ডুবোচর থেকে নামানোর কাজ শুরু হবে। আমরা নৌপুলিশকে লঞ্চটির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছি।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন