বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)-এর চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানীয়া বলেছেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়েছেন, সেটা জানে মাত্র দুইজন শেখ হাসিনা নিজে এবং সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি আরও বলেন, বাকি সবই শোনা কথা।
শুক্রবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে নিজের রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিইউপি চেয়ারম্যান জানান, তিনি আগে আওয়ামী লীগে রাজনীতি করলেও ২৪ সালের হত্যাকাণ্ডের দৃশ্য দেখে সেই দল থেকে পদত্যাগ করেছেন এবং নতুন রাজনৈতিক সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, আমি চাই এমন এক রাজনীতি, যেখানে হত্যা বা রক্তপাত থাকবে না। আমি সেই মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
গণভোট প্রসঙ্গে জাকির হোসেন প্রধানীয়া বলেন,এ মুহূর্তে গণভোট নয়, প্রয়োজন একটি অবাধ ও নিরাপদ নির্বাচন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করেই ভোট হতে হবে।
তিনি আরও যোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার হওয়া অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসন থেকে তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসনায়েত মজুমদার।