প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল ছাব্বিরের নিথর দেহ

শান্তু ধর
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫

কচুয়া উপজেলায় পানিতে ডুবে ছাব্বির হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত ছাব্বির হোসেন উপজেলার কান্দিরপাড় এলাকার সালাউদ্দিন ও কুলছুমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

শিশুটির মা কুলছুমা বেগম জানান, চার বছর আগে স্বামী সালাউদ্দিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি ছেলেকে লালন-পালনের জন্য আলীয়ারা সুলতান আহম্মদ মহিলা ও এতিমখানা মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও তিনি কাজে ব্যস্ত ছিলেন, আর ছাব্বির মাদ্রাসা সংলগ্ন এলাকায় খেলছিল।

রান্না শেষে সন্তানের খোঁজ না পেয়ে কুলছুমা সারাদিন খুঁজতে থাকেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা সংলগ্ন আলীয়ারা বেজবাড়ির পুকুরে ছাব্বিরের মরদেহ ভেসে ওঠে।

স্থানীয় সাগর চৌধুরীর স্ত্রী প্রথমে শিশুটির দেহ পানিতে দেখতে পান এবং চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, শিশুটি প্রায় ১৮ ঘণ্টা পানিতে ছিল। একমাত্র সন্তানকে হারিয়ে মা কুলছুমা বেগম এখন শোকে পাথর হয়ে গেছেন। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন