প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বসত বাড়িতে ১২ গোখরা সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

শাহরাস্তি উপজেলায় একটি বসত বাড়ি থেকে ১২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো স্থানীয় সাপুড়েরা নিয়ে গেছে।

সোমবার দুপুরে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার সংলগ্ন নিজমেহার গ্রামের সাহা বাড়ি থেকে স্থানীয় সাপুড়েরা সাপগুলো উদ্ধার করে। তাদের ভাষ্য, মা সাপটি অন্যত্র সরে গেছে।

ওই বাড়ির বাসিন্দা মৃত হারান সাহার ছেলে মিহির চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, রোববার তিনি বাড়ির টয়লেটের ট্যাংকির পাইপের মুখে দুটি গোখরো সাপ দেখতে পান। ওই সময় পাইপের মুখে গরম পানি ও ব্লিচিং পাউডার ঢেলে একটি সাপ মেরে ফেলা হয়েছে। পরে সাপের খোলস দেখে সন্দেহ হয় বাড়ির ভেতরে আরও সাপ থাকতে পারে।

 

সোমবার দুপুরে স্থানীয় সাপুড়েদের সহায়তায় ছোটভাই বিপ্লব সাহার ভবনের গ্যারেজ রুমের পাশে লাকড়ির স্তূপের নিচ থেকে ১২টি সাপ উদ্ধার করা হয়েছে।

ওই বাড়ির যুবক রকি চন্দ্র সাহা বলেন, সাপগুলো এক ফুটের চেয়ে বড়।

 

স্থানীয় সাপুড়ে কামাল হোসেন বলেন, “সাপগুলো গোখরা জাতের। এগুলো বিষধর।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাকসুদ আলম বলেন, গোখরোসহ বিষধর সাপ সাধারণত খাবার ও আশ্রয়ের খোঁজে বসতবাড়ির আশপাশে আসে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ইঁদুর দমন করা এবং গর্ত বা ফাঁকফোকর বন্ধ রাখলে এ ধরনের সাপের প্রবেশ অনেকাংশে রোধ করা সম্ভব।

সাপ দেখলে আতঙ্কিত না হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বা বন্যপ্রাণী রেসকিউ টিমে খবর দিতে হবে বলে বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন