প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার (২৬ অক্টোবর) সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

 

পরে প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল। সভা যৌথভাবে পরিচালনা করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়নপ্রত্যাশী মো. জাকির হোসেন এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মনির চৌধুরী, এবং সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক তামিম খান।

 

 

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ একটি তরুণনির্ভর রাজনৈতিক সংগঠন, যার লক্ষ্য তরুণদের নেতৃত্বে একটি ন্যায্য, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করা। তারা আরও বলেন, বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস—ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

 

বক্তারা আরও বলেন, ভিপি নুরুল হক নূর না জন্মালে হয়তো ‘২৪’-এর মতো গণজাগরণ সৃষ্টি হতো না। আওয়ামী ফ্যাসিবাদের আমলে বারবার নির্যাতনের শিকার হয়েও রাজপথে দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে গেছেন ভিপি নূর। তাঁর নেতৃত্ব ও সাহস তরুণ প্রজন্মকে গণতন্ত্রের লড়াইয়ে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি, নিলুফা আক্তার, সদস্য আব্দুল কাদের খান, এবং মতলব উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার প্রমুখ।

 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে “ট্রাক” প্রতীকে বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন