প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় ৫৪ ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯ অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয়- মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার, আড়ৎ ১ হাজার ২০১ বার।

এসব অভিযানে জব্দ জালের পরিমাণ ৫ লাখ ৩ হাজার ৪২ মিটার। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এসময় জব্দ করা হয় ১.০৫ টন ইলিশ। ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৪৫ হাজার টাকা। এসব অভিযানে ৬৩ মামলা করা হয়।

সাগর থেকে নদীর মিঠা পানিতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য গত ৪ অক্টোবর অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ২৫ অক্টোবর দিনগত রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বছর অভিযানের শুরু থেকেই জেলা ও উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থান নিয়েছে। যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে। এরপরেও কিছু কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন