শাহরাস্তিতে শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ অনুষ্ঠিত সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ মোঃ জসিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা মাদ্রাসা সাধারণ শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শর্মা, শিক্ষক সমিতির নেতা ইমাম হোসেন , সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো তাদের দাবি পূরণ করা হয়নি। তারা ২০% বাড়ি ভাতা, ১৫শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদান না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
নেতৃবৃন্দ চলমান আন্দোলনে অংশগ্রহণ ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।