প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর আল-আমিন একাডমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

ওই সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সকলকে নিবন্ধনের আওতায় আনা হবে। এই ভ্যাকসিনটা একটা নিরাপদ। কারণ সরকার ভ্যাকসিনটা বিদেশ থেকে কিনে এনেছেন। আর ক্রয়কৃত জিনিস কখনও খারাপ হয় না। পুরো মাস জুড়ে ক্যাম্পেইনটা চলবে। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। তাহলেই সরকারের এই উদ্যোগটি সফল হবে।

সিভিল সার্জন ডাঃ ডা. মোহাম্মদ নুর আলম দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম ফয়সাল, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে) ১৮ কর্ম দিবসে জেলায় টাইফয়েড টিকাদান প্রদানে ৮ লাখ ৫ হাজার ২শ’ ৪৫জন শিশুকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী হচ্ছে ৫ লাখ ৪১হাজার ৮শ’৪৪জন। ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুর সংখ্যা ২লাখ ৬৩ হাজার ৪শ’ ১জন। ইতোমধ্যে ৪১ ভাগ শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এছাড়াও টিকা কার্যক্রমে অন্তর্ভূক্ত প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩হাজার ৭শ’ ৫৮টি। কমিউনিটি টিকা কেন্দ্রের সংখ্যা ২হাজার ৪শ’ ২৪টি। টিকাদানকারী টিমের সংখ্যা ৩শ’ ১৩টি। সর্বমোট টিকা প্রদানকারী ৬শ’ ১৬জন এবং স্বেচ্ছাসেবী ৯শ’ ১৯জন। সর্বমোট প্রথম সারির তদারককারীর সংখ্যা ৩শ’ ৩জন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন