প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রামগঞ্জে চাঞ্চল্যকর দ্বৈত হত্যাকান্ড: প্রেম নাকি প্রতিহিংসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে একা বাসায় মা এবং মেয়েকে গলা কেটে হত্যার ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে পরিবারের লোকজন। শুরুতে তারা দাবি করে ৩০-৩৫ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনার পরদিন ৮ ভরি স্বর্ণ লুটের বিষয়টি নিশ্চিত করে পরিবার। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ঘটনাটি ভিন্ন খাতে রূপ দিতে চুরি বা ডাকাতির বিষয় সাজানো হয়েছে। এ ঘটনায় নিহত তরুণীর প্রেম সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এছাড়া ঘটনাটি বৃহস্পতিবার রাতে নয়, বিকেলের কোনো এক সময়ে সংঘটিত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টা ৩৮ মিনিটে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীর সরকারি নাম্বারে ফোন করে হত্যাকাণ্ডের বিষয়ে সব শেষ তথ্য জানতে চাইলে তিনি এসব তথ্য জানান।

জানা গেছে, বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উত্তর চণ্ডিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা ৮ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

মিজানুর রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। তার নিহত মেয়ে তানহা রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিহত জুলেখা বেগম তিন কন্যা সন্তান ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান তার ছেলে ফরহাদকে নিয়ে রামগঞ্জের সোনাপুর বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। ঘরে তার স্ত্রী ও মেয়ে একাই ছিল। তাদের বাসভবনটিও একা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছেলে ফরহাদ তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে এসে বাসভবনের দ্বিতীয় তলায় মা জুলেখা ও বোন তানহার গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর বা তার আগে যে কোনো সময় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, হত্যাকাণ্ডটি রাতে নয়, বিকেলেই সংঘটিত হয়েছে। ঘটনাটি ভিন্নখাতে রূপ দিতে চুরি বা ডাকাতির বিষয় সাজানো হয়েছে। প্রেম গঠিত বিষয় নিয়ে ঘটতে পারে এ হত্যাকাণ্ড।

তথ্যসুত্র – সময় টিভি

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন