প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করেছে নিহতদের পরিবার।

নিহতরা হলেন—জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীম (১৯)। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণসহ মালামাল লুট করে পালিয়ে যায়।

রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পিবিআইয়ের ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “আমি ঘটনাস্থলে আছি। ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ মে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামে ক্বারী সাহেবের বাড়িতে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন