মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।
গত ২৪ ঘণ্টায় অভিযানে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ জাল, ২৫৭ কেজি ইলিশ মাছ এবং ৫টি মাছ ধরার নৌকা জব্দ হয়। আটক করা হয় ছয় জেলেকে।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, আমরা নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ একসাথে কাজ করছি। সবার সমন্বিত প্রয়াসে আমরা সুন্দর মা ইলিশ রক্ষা অভিযান কার্যক্রমটি বাস্তবায়ন করবো। এর মাধ্যমে চাঁদপুরের ইলিশের যে সুনাম সেটা আমরা অক্ষুন্ন রাখতে পারবো। মা ইলিশ অবাধ বিচরণের মাধ্যমে প্রজননের সুযোগ করে দিতে পারবো এমনটাই প্রত্যাশা করছি।
নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানায়, আমরা সার্বক্ষণিক নদীতে টহল জোরদার করেছি। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। ২২ দিনের এই বিশেষ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।