চাঁদপুরের হাজীগঞ্জে এক শিশু মাদ্রাসাছাত্রের প্রাণঘাতী দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়ার ঘটনা ঘটেছে। বাড়ির টানে ছাদ থেকে লাফ দিতে গিয়ে সে আটকে যায় ভবনের কার্নিশে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ টোরাগড় এলাকার আল ইহসান মাদ্রাসা ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেটি মাত্র দুই দিন আগে আল ইহসান মাদ্রাসায় ভর্তি হয়। তবে হঠাৎ করেই বাড়ির টানে ছাদ থেকে নিচে লাফ দেওয়ার চেষ্টা করে। এসময় ভবনের মাঝ বরাবর বাহিরের অংশে থাকা এসির আউটডোর ইউনিটের ফাঁকে আটকে যায় সে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কয়েক মিনিটের চেষ্টার পর শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
ছেলেটির মা জানান, বাড়ির টানেই তার ছেলে এমন কাজটি করেছে। তিনি বলেন, ও মাত্র দুদিন হলো মাদ্রাসায় ভর্তি হয়েছে। বাড়ির কথা ভুলতে না পারায় ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস সময়মতো না পৌঁছালে শিশুটির প্রাণহানির আশঙ্কা ছিল প্রবল। ঘটনাটি মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।