চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেটস্থ আল আমিন কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপির বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় তারা এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বক্তারা অভিযোগ করেন, নাসির উদ্দিন পাটোয়ারী ইচ্ছাকৃতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে অশ্রাব্য মন্তব্য করে আসছেন। একজন জাতীয় পর্যায়ের রাজনীতিবিদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, শাহরাস্তির সন্তান হয়েও নাসির উদ্দিন পাটোয়ারী এলাকায় কলঙ্ক ডেকে এনেছেন। তাঁর এসব মন্তব্য বিএনপির লাখো নেতাকর্মীর হৃদয়কে আঘাত করেছে। ভবিষ্যতে যেন তিনি এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।