প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে অধ্যক্ষের পরিত্যক্ত বাসায় নারীর বস্তাবন্দী লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মতলব দক্ষিণ উপজেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত বাসার রান্নাঘর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের ভেতরে ওই টিনশেড বাসার অবস্থান। আগে ওই বাসায় অধ্যক্ষ থাকতেন। প্রায় ১৫ বছর ধরে সেটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদও ওই বাসায় থাকেন না।

 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে পানির পাম্প বসানোর কাজে এক ব্যক্তি ওই বাসার কাছে যান। তিনি রান্নাঘরের পাশে যেতেই ভেতরে রাখা একটি বস্তা থেকে তীব্র দুর্গন্ধ পান। এরপর তিনি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায়কে বিষয়টি জানান। অশোক কুমার সেখানে গিয়ে দুর্গন্ধ নিশ্চিত হলে পুলিশকে খবর দেন। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ গিয়ে বস্তাটি খুলে গলিত লাশ উদ্ধার করে।

 

খবর পেয়ে চাঁদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবিরসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ছাড়া সিআইডির একটি দলও তদন্ত শুরু করেছে।

 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, উদ্ধার করা লাশটি অজ্ঞাতপরিচয় এক নারীর। লাশ পচাগলা অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন মাস আগে তাঁকে হত্যা করে ওই বাসায় ফেলে রাখা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের কয়েকটি দল তদন্ত করছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন