শাহরাস্তি উপজেলার নালিয়াপাড়া( মিজি বাড়ী) গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার রাতে চোরচক্রের সদস্যরা একই গ্রামের দুই পরিবারের চারটি গরু চুরি করে নিয়ে যায়।
এতে প্রায় প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আব্দুল কাদের ও আব্দুর রব জানান, শুক্রবার গভীর রাতে অজ্ঞাত চোরচক্রের সদস্যরা দুটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। এ সময় তাদের পরিবারের সদস্যরা কিছু টের পাননি। সকালে গোয়ালঘর খালি দেখে বিষয়টি সবার নজরে আসে।
তাদের দাবি, চোরেরা সংগঠিত চক্রের সদস্য। পরিকল্পিতভাবে তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং গরু চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। যা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আব্দুল কাদের ও আব্দুর রব আরও জানান, এই ঘটনায় তাদের পরিবারের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, শাহরাস্তি এলাকায় গরু চুরি বেড়ে গেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী পরিবার চোর চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।