প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে প্রতারক ইয়াছিনের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা বাজারে প্রবাসী ও চারতলা ভবনের মালিক মো. ইয়াছিনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, হয়রানি, মাতলামি ও মাদকসংশ্লিষ্টতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। একইসঙ্গে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ইয়াছিন বাজারের অন্তত ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা বাকিতে নিয়েছেন। কিন্তু বারবার পাওনা টাকা চাইলে তিনি ফেরত না দিয়ে উল্টো গালিগালাজ, হামলার চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পালিশারা মধ্যবাজার চৌরাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, “ইয়াছিন শুধু আমাদের টাকা ফেরত দিচ্ছেন না, বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বক্তারা জানান, এক সপ্তাহ আগে এক সালিশ বৈঠকে ইয়াছিন স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনো টাকা ফেরত দেবেন না। এরপর তিনি হাজীগঞ্জ থানায় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বাদী হিসেবে পল্লী চিকিৎসক মো. আব্দুল মমিন অভিযোগপত্রে উল্লেখ করেন, ইয়াছিন স্থানীয় যুবকদের নিয়ে মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করছেন না। পাওনা টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং হত্যার হুমকি দেন। অভিযোগে অন্তত ২০ জন ব্যবসায়ীর নির্দিষ্ট পাওনার হিসাবও সংযুক্ত করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পালিশারা বাজারে পাওনা টাকা চাইতে গেলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে আব্দুল মমিনকে কিল-ঘুষি মারে এবং রামদা দিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় উপস্থিত ব্যবসায়ীরাও তার হামলার শিকার হন। পরে ইয়াছিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন।

সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ, প্রচার সম্পাদক হুমায়ূন কবির, কার্যকরী সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফসহ স্থানীয় সাংবাদিক ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতারক ইয়াছিনকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন