প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে সালিশিতে বিএনপির কেউ গেলেই বহিষ্কার: শেখ ফরিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা যদি কোনো সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলার হাইমচরে দলীয় সাংগঠনিক এক সভায় এমন ঘোষণা দেন তিনি।

 

উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় মানিক বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না।

 

তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন বলে জানান।
 
শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে। তিনি হাইমচরের হিন্দু পরিবারগুলোকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য আশ্বস্ত করেন।
তিনি এ মাসের মধ্যে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন এবং হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি দ্রুত গঠনের নির্দেশনাও দেন।
 
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম। এছাড়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন