চাঁদপুরের হাজীগঞ্জের সুপরিচিত সাংবাদিক এস এম মিরাজ মুন্সী সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পক্ষে কলম ধরেছেন। সমাজের অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরে তিনি অসংখ্যবার সহযোগিতার সেতুবন্ধন করেছেন।
বরাবরই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একজন মানবিক মুখ হিসেবে পরিচিত তিনি।
কিন্তু আজ নিজের পরিবারেই নেমে এসেছে দুর্ভাগ্যের কালো ছায়া। মিরাজ মুন্সীর ছোট ভাই রুপন দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে আছেন।
চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অর্থ সংকটের কারণে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
মানবিক সংবাদ করে অন্যের পাশে দাঁড়ানো এই সাংবাদিক এখন নিজেই ছোট ভাইয়ের অসুস্থতায় অসহায় হয়ে পড়েছেন। ভাইয়ের যন্ত্রণা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না তিনি। অথচ এই পরিবারের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুবই কম।
অর্থের অভাবে চিকিৎসা এগিয়ে নেওয়া সম্ভব না হলেও, মিরাজ মুন্সী কারও কাছে সাহায্যের হাত বাড়াননি।
বরং তিনি সবার কাছে একটি অনুরোধই করেছেন— তার ছোট ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে। অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে তিনি আশাবাদী, অসংখ্য মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এবং তার ভাই সুস্থ হয়ে উঠবেন। মানবিক এই অনুরোধ ইতিমধ্যেই অনেকের হৃদয় ছুঁয়েছে।