প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর আটক, মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
মতলব উত্তর উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ধরা পড়েন আব্দুল হামিদ (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর লেংটার মাজারের সামনে মোটরসাইকেল রেখে চটপটি খেতে যান মাহাবুব আলম (২৩)। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তার ব্যবহৃত ইয়ামাহা আর–ওয়ান–ফাইভ মোটরসাইকেলটি নেই।
খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গালিম খাঁ বাংলা বাজার এলাকায় সুজন স্টোরের সামনে মোটরসাইকেলসহ আব্দুল হামিদকে আটক করে গণধোলাই দেন। পরে মতলব উত্তর থানা পুলিশের এসআই সুমন চন্দ্র দাস ও এএসআই রবিউল ইসলাম সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে এবং হামিদকে হেফাজতে নেয়। আহত অবস্থায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, আটককৃত আব্দুল হামিদ ব্রাহ্মণচক গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মাহাবুব আলম থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার মানুষকে কষ্ট দিয়ে যারা চুরি করে তাদের আর প্রশ্রয় দেওয়া হবে না। তারা দাবি করেন, দ্রুত এই চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হোক।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় চোরকে আটক করে মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। মামলাটি রুজু করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন