প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দুবাইয়ে ধার করে লটারি কিনে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন চাঁদপুরের সবুজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লটারি জিতে চমক দেখিয়েছেন চাঁদপুরের সবুজ মিয়া। ধার করে ১ হাজার দিরহাম দিয়ে লটারি কিনে পেলেন ২০ মিলিয়ন দিরহাম। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আয়োজকরা তার হাতে লটারি জেতার টাকা তুলে দেন।

 

সবুজ মিয়া সেখানে দর্জির কাজ করেন বলে জানা গেছে।

 

দুবাই থেকে চাঁদপুরের আরেক প্রবাসী জাকির হোসেন জানান, সবুজ গত ২৯ জুলাই আবুধাবির ড্রাগন মার্ট এলাকা থেকে বিগ টিকিট লটারির ২৭৭ সিরিজের একটি টিকিট ১ হাজার দিরহামে কেনেন। সেই সময় তাকে আরও দুটি টিকিট ফ্রি দেওয়া হয়। গত ৩ আগস্ট আবুধাবিতে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। এ লটারির ‘১৯৪৫৬০’ নম্বর টিকিটটি এখন তার ভাগ্য বদলে দিয়েছে।

 

সবুজের বরাত দিয়ে তিনি জানান, এই লটারির টিকিট কেনার জন্য সবুজের কাছে ১ হাজার দিরহাম ছিল না। তিনি ড্রাগন মার্ট এলাকার একজনের কাছ থেকে কাজের বিনিময়ে ৫০০ দিরহাম ধার নিয়েছিলেন।

 

জাকির হোসেন আরও জানান, লটারি জেতার পর থেকেই অসংখ্য মানুষ সবুজকে ফোন দেওয়া শুরু করেন। ফলে তিনি এখন ফোন বন্ধ রেখেছেন। লটারিতে পাওয়া টাকা দিয়ে কী করবেন, তাও এখনো প্রকাশ করেননি।

 

সবুজের মামাতো ভাই সাদ্দাম হোসেন জানান, সবুজ চাঁদপুর সদরের মেঘনা নদীর পশ্চিমে রাজরাজেশ্বর এলাকার জেলে আমির হোসেন দেওয়ানের ছেলে। পরিবারের হাল ধরতে ১০-১২ বছর আগে তিনি দর্জির ভিসা নিয়ে দুবাই যান। এরপর নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার গৃহহারা হয়। পরে দুবাইতে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি নির্মাণ করেন।

 

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, লটারি জেতার পর গত বুধবার সবুজের সঙ্গে আমার কথা হয়েছে। দুবাইয়ে সে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে আসছিল। এখন তার ভাগ্য বদলে যাবে।

 

এ বিষয়ে জানতে সবুজের মোবাইলে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন