প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে বিএনপির দলীয় কোন্দল চরমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে মতলব উত্তর উপজেলায় সম্ভাব্য প্রার্থী কয়েকজন। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা পৃথক পৃথক সভা-সমাবেশ, পথসভা, গণসংযোগসহ নানা কার্যক্রম করছেন। হামলা, মামলা ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই মতলবে উপজেলা বিএনপি’র কার্যক্রম চলছে দলীয় ব্যানারে।

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সম্ভাব্য প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের অনুষ্ঠান হয় উপজেলার গজরায়, চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুষ্ঠান হয় বাগানবাড়িতে আর উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার সাহেব বাজারে।

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের সভা-সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেলেও এ বছরের ৬ই এপ্রিল মতলব উত্তর উপজেলা বিএনপি সভাপতি এড. ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুবরণের পর উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের অধিকাংশ নেতাদের আর এ আসনের সম্ভাব্য কোনো প্রার্থীর সভা-সমাবেশ, পথসভা, গণসংযোগসহ কোনো অনুষ্ঠানেই তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তারা সম্ভাব্য কোনো প্রার্থীর ব্যানারে নয়, নিরপেক্ষ ব্যানারেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান বিএনপি’র কয়েকজন নেতা।

উপজেলা বিএনপি সভাপতির মৃত্যুবরণের পর ভারপ্রাপ্ত সভাপতি হন উপজেলা কমিটির সহ-সভাপতি (১) বশির আহমেদ খান। সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খান ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু দু’জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদধারী ছাত্রদল নেতা।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপি’র পদধারী কয়েকজন নেতা জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে উপজেলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে সিনিয়র নেতৃবৃন্দের মাঝে ব্যাপক বিশৃঙ্খলাসহ বেশকিছু কারণেই আজ উপজেলা বিএনপি’র অধিকাংশ নেতৃবৃন্দ সম্ভাব্য প্রার্থীদের ব্যানারে কার্যক্রম করতে অনিচ্ছুক।

বুধবার বিকালে উপজেলার সাহেব বাজারে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান ছিদ্দিকী, ছাত্রবিষযক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, সম্পাদক রাসেল শিকদার, ষাটনল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি দেওয়ান আব্দুল্লাহ আল মামুন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুদ্দিন সরকার প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন