প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

৭ বছর পর ইনস্টাগ্রামে ধরা পড়লেন নিখোঁজ স্বামী, সঙ্গে অন্য নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ সাত বছর আগে নিখোঁজ হয়েছিলেন স্বামী। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ মেলেনি। হঠাৎ সেই ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি ভিডিও রিলে দেখতে পান স্ত্রী। এসময় তার সঙ্গে ছিল অন্য এক নারী। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হারদোই জেলায়।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি অন্য এক নারীর সঙ্গে বসবাস করছেন। তিনি পালিয়ে গিয়ে আরেকটি বিয়ে করেছেন বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের হরদই জেলার মুরারনগরে ২০১৭ সালে শীলু নামের এক নারীর বিয়ে হয় জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর সঙ্গে। ২০১৮ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বাবলু। এরপর থেকে স্বামীকে খুঁজছিলেন সেই নারী। শেষ পর্যন্ত তার স্ত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল দেখেন এবং সেখানে স্বামীকে দেখে হতবাক হয়ে যান।

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হারদোই পুলিশ তদন্ত শুরু করে। অনুসন্ধানে জানা যায়, জিতেন্দ্র গত কয়েক বছর ধরে লুধিয়ানায় বসবাস করছেন এবং সেখানে আরেক নারীকে বিয়ে করেছেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

 

হারদোই সার্কেল অফিসার সন্তোষ কুমার সিং জানান, তদন্তে প্রমাণ মিলেছে, জিতেন্দ্র লুধিয়ানায় অন্য এক নারীকে বিয়ে করেছেন। তাকে আটক করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জিতেন্দ্র ২০১৭ সালে বিয়ে করেন। পরের বছর তাদের একটি পুত্রসন্তান হয়। তবে ২০১৮ সালের এপ্রিলে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরিবার অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’র ৮২(১) ধারায় (বহুবিবাহ) জিতেন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তার স্ত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন