প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ইলিশের দাম চড়া, একটি বিক্রি হলো ১২ হাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫

মেঘনা নদীতে ধরা পড়া এক ইলিশ মাছ বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। জেলেদের কাছ থেকে মাছটি কিনেছেন চাঁদপুর বড়স্টেশনের এক মৎস্য ব্যবসায়ী। তার দাবি, এ মাছটি বাজারের রাজা ইলিশ। বড় আকৃতির ইলিশ দেখে ক্রেতারা খুশি হলেও দাম শুনে হতাশ। তাই মাছের সঙ্গে ছবি তুলেই বাজারে আসা অনেক ক্রেতাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

এমনকি এক কেজি সাইজের ইলিশের প্রতি মণ এক লাখ টাকা বা তার বেশি দরদামে বিকিকিনি হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চাঁদপুর বড়স্টেশন মাছবাজারে আসা ক্রেতা সোহেল হোসেন ১২ হাজার টাকায় বিক্রি হওয়া ইলিশ মাছটি সম্পর্কে বলেন, ‘ইলিশ মাছটি যেমন বড় সাইজ, তেমনি দেখতেও অনেক ভালোই লাগলো। কিন্তু দাম শুনে অবাক হয়ে গেছি। আসলে এত দাম দিয়ে সামর্থ্যবানরাও এই ইলিশ কিনতে চাইবেন না। হয়তো কেউ শখের বশে কিংবা কোথাও বিশেষ কোনও আয়োজনে চমক দেখাতে এ ধরনের মাছ কিনবেন।’

চাঁদপুর বড়স্টেশন আড়তের মৎস্য ব্যবসায়ী মনসুর আহমেদ মাহিম বলেন, ‘কিছুক্ষণ আগে নোয়াখালি নদী অঞ্চল থেকে এই ইলিশ মাছ জেলেরা বাজারে আনেন। এরপর ব্যবসায়ীদের মধ্যে নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছগুলো আমি পেয়েছি। প্রতি মণের দাম পড়েছে ১ লাখ ৯২ হাজার টাকা। আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি আমি কিনেছি ১২ হাজার টাকা দিয়ে। এই মাছটি পুরো বাজারের সেরা ইলিশ।

‘এ ছাড়া দুই কেজি দুইশ গ্রাম ওজনের আরও একটি বড় ইলিশ কিনেছি। সেটির প্রতি কেজি চার হাজার টাকা হিসেবে দাম পড়েছে আট হাজার আটশ’। মাছের দাম বেশি হওয়ায় বাজারে ক্রেতা কম। তাই সামান্য লাভ পেলেই মাছগুলো বিক্রি করে দেবো।’

বাজার ঘুরে দেখা গেলো, কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে দুইশ’ থেকে চারশ’ টাকা পর্যন্ত। চাঁদপুরের বাজারে এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৭০০ টাকায়, সাতশ-আটশ গ্রাম ওজনের প্রতি কেজি ১৭০০-১৮০০ টাকা প্রতি কেজি। এমনকি ইলিশের পোনা জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০-৮০০ টাকা দরে।

ঢাকা থেকে আসা ক্রেতা জাহিদুর রহমান বলেন, ‘চাঁদপুরে ইলিশের দাম কম হবে ভেবে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম, মাছগুলো বেশির ভাগই ফ্রেশ, কিন্তু দাম তুলনামূলক বেশি। ইলিশের চড়া দামে এ বছর আমাদের মতো অনেকেই মাছ একেবারেই কম কিনছেন।’

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘ভরা মৌসুমে হলেও সাগর অঞ্চল থেকে মাছ আসছে না। মেঘনা নদীর কিছু লোকাল মাছ বাজারে আসছে। এ বাজারে অন্যান্য বছর যেখানে প্রতিদিন কয়েকশ মণ ইলিশ আসতো, সেখানে আজ (মঙ্গলবার) বড়স্টেশন বাজারে মাছ এসেছে মাত্র ২০-২৫ মণ। মাছের আমদানি কম হলে দাম বেশি হবে- এটি তো সহজ হিসাব।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন