প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ পূর্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও সড়কের দুপাশ বন্ধ করে দেয় নেতাকর্মীরা। ওই স্থানে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে। এরপর নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহবায়ক কাজী রাসেল। যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি সদর কমিটির মূখ্য সমন্বয়ক তামিম খান, নিরাপদ সড়ক আন্দোলন জেলা কমিটির সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী এইচএম শরীফ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি জিএম মানিক প্রমুখ।

বক্তারা জাতীয় পার্টির এ হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন