কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, সকাল ১০টায় মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় জনগণ, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
গণশুনানিতে আলোচনার মূল বিষয়গুলো ছিল- সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জলদস্যু ও সন্ত্রাস দমন, নদীপথে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ।
এ সময় স্থানীয় জনগণ ও জেলেরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ ও মতামতের ভিত্তিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলেদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নদীপথ নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।