চাঁদপুরে ট্রাকের চাপায় বাপ্পী (২৭) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাপ্পীর বাড়ি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে।
স্থানীয় বাসিন্দা অমল বড়ুয়া জানান, শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি সিএনজি নিয়ে যাচ্ছিলেন চালক বাপ্পী। রালদিয়া এলাকায় পৌঁছালে সড়কে ফেলে রাখা নির্মাণসামগ্রীর সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে বাপ্পী সড়কে ছিটকে পড়ে যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট ও অন্যান্য সামগ্রী সড়কের উপর ফেলে রাখা হয়েছিল। এতে করেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তারা মর্মান্তিক এই ঘটনার জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে এসেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’